অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনকে বৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিল, তার বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেয়। এর ফলে হাইকোর্টের রায় বহাল থাকে। এর আগে বুধবার শুনানি শেষে আদালত আজকের জন্য আদেশ রেখে দেন। লিভ টু আপিলের পক্ষে সিনিয়র আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ নিজেই যুক্তিতর্ক উপস্থাপন করেন। অন্যদিকে রেফারেন্সে ইন্টারভেনার হিসেবে যুক্ত হওয়া লেখক ফিরোজ আহমেদের পক্ষে শুনানি করেন ড. শরীফ ভূঁইয়া। বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনিরও ইন্টারভেনার হিসেবে বক্তব্য রাখেন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক শুনানিতে অংশ নেন। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর রাষ্ট্রপতি সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী অন্তর্বর্তী সরকার গঠনে সুপ্রিম কোর্টের মতামত চান। আপিল বিভাগের মতামতের ভিত্তিতেই অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং উপদেষ্টারা শপথ নেন। এই রেফারেন্স ও মতামত প্রক্রিয়া নিয়ে সিনিয়র আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ গত বছরের ডিসেম্বরে হাইকোর্টে রিট করেন। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ রিটটি সরাসরি খারিজ করে দেন। সেই আদেশের বিরুদ্ধেই পরে লিভ টু আপিল করা হয়, যা আপিল বিভাগ খারিজ করে দেয়।
হাইকোর্টের রায়ে বলা হয়—ব্যতিক্রমী পরিস্থিতিতে রাষ্ট্রপতি সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়েছেন এবং সে মতে ব্যবস্থা নিয়েছেন। এটি আইনগতভাবে বৈধ এবং জনগণের ইচ্ছার প্রতিফলন। ২০২৪ সালের গণঅভ্যুত্থান ইতিহাসের অংশ বলেও মন্তব্য করেন আদালত। সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো গুরুতর আইনগত বিষয়ে রাষ্ট্রপতির মনে প্রয়োজনীয়তা দেখা দিলে তিনি তা সুপ্রিম কোর্টের কাছে মতামতের জন্য পাঠাতে পারেন। আদালত উপযুক্ত শুনানির পর রাষ্ট্রপতিকে মতামত জানাতে পারবেন।গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ৬ আগস্ট সংসদ ভেঙে দেওয়া হয়। ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এর আগে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অন্তর্বর্তী সরকার সম্পর্কে সুপ্রিম কোর্টের অভিমত চান। বিশেষ রেফারেন্স (১/২৪) অনুযায়ী আপিল বিভাগ জানায়—সংবিধানিক শূন্যতা পূরণে রাষ্ট্রপতি জরুরি প্রয়োজনে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা নিয়োগ দিতে এবং তাঁদের শপথ পড়াতে সম্পূর্ণভাবে অধিকৃত।
অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ:আপিল বিভাগ
