অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদে উপস্থাপনের বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্ট একাধিক নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে বলা হয়েছে, জাতীয় সংসদের অধিবেশন না থাকলে জরুরি পরিস্থিতিতে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। সেই সাংবিধানিক ক্ষমতার ভিত্তিতেই অন্তর্বর্তী সরকারের সময় এসব অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছিল।
প্রচলিত বিধান অনুযায়ী, সংসদের অধিবেশন শুরু হওয়ার ৩০ দিনের মধ্যে অধ্যাদেশগুলো বিল আকারে উত্থাপন করতে হয়। নির্ধারিত সময়ের মধ্যে তা না হলে অধ্যাদেশের কার্যকারিতা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।
মন্ত্রিসভার একটি সূত্র জানিয়েছে, সংসদে উপস্থাপনের পর অধ্যাদেশগুলো পর্যালোচনা ও যাচাই-বাছাই করা হবে। প্রয়োজন হলে সংশোধনী যুক্ত করে সেগুলোকে স্থায়ী আইনে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।