আজ থেকে সারাদেশব্যাপী শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে পূর্বঘোষিত কর্মসূচি শুরু করেছে জাকের পার্টি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, এই কর্মসূচি আজ শনিবার থেকে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং এর আওতায় দেশের প্রতিটি উপজেলা ও পৌরসভা পর্যায়ে ধারাবাহিকভাবে বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। দলীয় নেতৃবৃন্দ জানান, দেশে শান্তি, সহাবস্থান, মানবিক মূল্যবোধ ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে ফরিদপুরের বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিল প্রাঙ্গণে অনুষ্ঠিত বিশ্ব ইসলামী মহা-
সম্মেলনে এই দেশব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল। তিনি বলেন, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটে শান্তি, সংযম ও দায়িত্বশীলতার বিকল্প নেই এবং জনগণকে সঙ্গে নিয়েই একটি স্থিতিশীল, মানবিক ও ন্যায়ভিত্তিক দেশ গড়ে তুলতে জাকের পার্টি দৃঢ়প্রতিজ্ঞ। এই কর্মসূচির মাধ্যমে দেশবাসীর মধ্যে ঐক্য, সহনশীলতা ও শান্তির বার্তা পৌঁছে দেওয়াই দলের মূল লক্ষ্য।