যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন হঠাৎ করেই ইউএফও বা অজানা উড়ন্ত বস্তুর গোপন নথি প্রকাশ করায় বিশ্বজুড়ে নতুন করে তুমুল আলোচনা শুরু হয়েছে। ইরান যুদ্ধ, গাজা সংকট, ইউক্রেন যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এই প্রকাশনাকে ঘিরে প্রশ্ন উঠেছে—এতে কি সত্যিই ভিনগ্রহের প্রাণের কোনো ইঙ্গিত রয়েছে, নাকি এটি জনমত অন্যদিকে ঘোরানোর রাজনৈতিক কৌশল? সমালোচকদের দাবি, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ, ইসরায়েলকে সমর্থন এবং মার্কিন প্রশাসনের বিতর্কিত নীতিগুলো থেকে মানুষের দৃষ্টি সরাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে পেন্টাগনের বক্তব্য, এটি সরকারের স্বচ্ছতা বাড়ানোর উদ্যোগের অংশ। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, এবার প্রায় ১৬০টির বেশি নথি, ভিডিও, ছবি, সামরিক গোয়েন্দা রিপোর্ট ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য প্রকাশ করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে ১৯৪০-এর দশকের সামরিক রিপোর্ট থেকে শুরু করে সাম্প্রতিক ড্রোন ও যুদ্ধবিমানের রহস্যময় ঘটনার বিবরণ। নতুন ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশিত এই নথিগুলোকে পেন্টাগন ‘প্রথম ধাপ’ হিসেবে উল্লেখ করেছে এবং ভবিষ্যতে আরও তথ্য প্রকাশের ইঙ্গিত দিয়েছে। প্রকাশিত নথিগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত একটি হলো অ্যাপোলো-১১ মিশনের নভোচারী বাজ অলড্রিনের ডিব্রিফিং, যেখানে তিনি চাঁদের কাছে একটি উজ্জ্বল বস্তুর উপস্থিতি দেখার কথা বলেছিলেন। এছাড়া অ্যাপোলো-১৭ মিশনের তোলা কিছু ছবিতে ত্রিভুজাকৃতিতে থাকা তিনটি আলোর বিন্দুর উল্লেখ রয়েছে। পেন্টাগন জানিয়েছে, এসব আলোর উৎস সম্পর্কে এখনো নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি এবং এগুলো ভৌত বস্তুও হতে পারে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের একটি সামরিক অভিযানের নথি সবচেয়ে বেশি চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সেখানে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান পাহাড়ি এলাকায় অত্যন্ত উত্তপ্ত এক রহস্যময় গোলকের মুখোমুখি হয়। গোলকটি হঠাৎ দ্রুতগতিতে ছুটে যায়, পরে দুই ভাগে বিভক্ত হয়ে আরও ছোট বস্তুর সৃষ্টি করে। সামরিক পাইলটরা এর গতি অনুসরণ করতে ব্যর্থ হন। নথিগুলোতে সিরিয়া, পূর্ব চীন সাগর, তাজিকিস্তান এবং বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটির আকাশে রহস্যময় বস্তুর উপস্থিতির কথাও বলা হয়েছে। কোথাও ফুটবল আকৃতির বস্তু, কোথাও কমলা রঙের স্থির আলো, আবার কোথাও আকাশে এক বস্তু থেকে আরেক বস্তু বের হওয়ার মতো ঘটনার বর্ণনা রয়েছে। তবে এসব ঘটনার কোনোটিতেই ভিনগ্রহের প্রাণের অস্তিত্ব নিশ্চিত করা হয়নি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এই নথি প্রকাশের পেছনে বড় রাজনৈতিক ভূমিকা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডেলান্ড ট্রাম্প। জানা গেছে, তিনি সরকারি সংস্থাগুলোকে ইউএফও ও ইউএপি–সংক্রান্ত নথি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন এবং দাবি করেছিলেন, আগের প্রশাসনগুলো জনগণের কাছ থেকে তথ্য গোপন করেছে। সামাজিকমাধ্যমে তিনি জনগণকে এসব তথ্য দেখে নিজেরাই সিদ্ধান্ত নেওয়ার আহ্বানও জানান। তবে এখান থেকেই নতুন বিতর্কের শুরু হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, ইরান-ইসরায়েল উত্তেজনা, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ভূমিকা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক সমালোচনার চাপ থেকে মানুষের মনোযোগ সরাতেই এই নথি প্রকাশ করা হয়েছে। আল জাজিরাসহ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, সমালোচকদের মতে যুদ্ধ ও কূটনৈতিক ব্যর্থতা থেকে জনগণের দৃষ্টি ঘোরাতে এমন চমকপ্রদ নথি সামনে আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভেতরেও প্রশ্ন উঠেছে—কেন ঠিক এখন এই নথি প্রকাশ করা হলো? কারণ সাম্প্রতিক সময়ে ইরান যুদ্ধ, ড্রোন হামলা এবং ইসরায়েলকে সমর্থন দেওয়ার কারণে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তীব্র সমালোচনা ও বিক্ষোভ দেখা দিয়েছে। অনেক পর্যবেক্ষক মনে করছেন, ইউএফও বিতর্ক জনগণের আগ্রহকে অন্যদিকে সরিয়ে দিতে পারে। কেউ কেউ এটিকে ‘ইনফরমেশন স্পেক্টাকল’ বা বিনোদনভিত্তিক রাজনৈতিক কৌশল হিসেবেও আখ্যা দিয়েছেন। ২০২৪ সালে পেন্টাগনের অল-ডোমেইন অ্যানোমালি রেজ্যুলেশন অফিস বা এএআরও এক প্রতিবেদনে জানিয়েছিল, ভিনগ্রহের প্রযুক্তি বা প্রাণের কোনো প্রমাণ তারা পায়নি। অধিকাংশ ইউএফও দেখার ঘটনা আবহাওয়া, ড্রোন, স্যাটেলাইট, বেলুন বা অপটিক্যাল বিভ্রমের মাধ্যমে ব্যাখ্যা করা সম্ভব। সেই অবস্থান এখনো অপরিবর্তিত রয়েছে। এবারের নথি প্রকাশেও পেন্টাগন সতর্ক করে বলেছে, ফাইলগুলো নিরাপত্তা যাচাই করা হলেও অধিকাংশের পূর্ণাঙ্গ বিশ্লেষণ এখনো শেষ হয়নি। তবে কিছু বিজ্ঞানী ও গবেষক মনে করছেন, বিষয়টিকে পুরোপুরি উড়িয়ে দেওয়াও ঠিক হবে না। সাম্প্রতিক বছরগুলোতে ইউএপি বা আনআইডেন্টিফায়েড এনোমেলাস ফেনোমেনা নিয়ে বৈজ্ঞানিক গবেষণা বেড়েছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাভি লোয়েবের গ্যালিলিও প্রজেক্টসহ বিভিন্ন গবেষণা উদ্যোগ আকাশে অজ্ঞাত ঘটনার বৈজ্ঞানিক বিশ্লেষণ চালিয়ে যাচ্ছে। কয়েকটি গবেষণাপত্রে বলা হয়েছে, ইউএপি নিয়ে তথ্যভিত্তিক বৈজ্ঞানিক অনুসন্ধান জরুরি, কারণ দীর্ঘদিন ধরে এটি কুসংস্কার ও ষড়যন্ত্র তত্ত্বের আড়ালে পড়ে ছিল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বিশ্লেষণে আরও একটি বিষয় স্পষ্ট হয়েছে—এই নথি প্রকাশের মাধ্যমে পেন্টাগন জনগণের কৌতূহলকেও কাজে লাগাতে চাইছে। যুক্তরাষ্ট্রে ইউএফও নিয়ে আগ্রহ বহু পুরোনো। হলিউড সিনেমা, ষড়যন্ত্র তত্ত্ব এবং রোজওয়েল ঘটনার মতো বিষয়গুলো দীর্ঘদিন ধরেই জনপ্রিয় সংস্কৃতির অংশ। সেই মানসিক ও সাংস্কৃতিক আগ্রহকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেউ বলছেন সত্য গোপন করা হয়েছে, আবার কেউ বলছেন সরকার জনগণকে বিভ্রান্ত করছে। মার্কিন ডানপন্থী কিছু রাজনীতিক এমনকি ভিনগ্রহের প্রাণী ও অতিপ্রাকৃত সত্তা সম্পর্কেও মন্তব্য করেছেন। তবে মূলধারার বিজ্ঞানীরা এসব দাবির ব্যাপারে এখনো অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছেন। সব মিলিয়ে পেন্টাগনের এই ইউএফও ফাইল প্রকাশ একদিকে যেমন বিশ্বব্যাপী নতুন কৌতূহলের জন্ম দিয়েছে, অন্যদিকে তীব্র রাজনৈতিক বিতর্কও তৈরি করেছে। প্রকাশিত নথিগুলোতে রহস্যময় কিছু ঘটনার বর্ণনা থাকলেও এখন পর্যন্ত ভিনগ্রহের প্রাণ বা প্রযুক্তির কোনো অকাট্য প্রমাণ পাওয়া যায়নি। বরং নতুন করে প্রশ্ন উঠেছে—এটি কি সত্য অনুসন্ধানের উদ্যোগ, নাকি যুদ্ধ ও রাজনৈতিক সংকটের সময় জনমত নিয়ন্ত্রণের আরেকটি কৌশল? এখন বিশ্বজুড়ে নজর থাকবে পরবর্তী ধাপে পেন্টাগন কী প্রকাশ করে এবং সেখানে সত্যিই নতুন কোনো তথ্য পাওয়া যায় কি না। তবে আপাতত এটুকু নিশ্চিত যে ইউএফও রহস্য আবারও বৈশ্বিক রাজনীতি, গণমাধ্যম এবং জনমানসে বড় আলোচনার বিষয়ে পরিণত হয়েছে।
ইউএফও ফাইল প্রকাশ: স্বচ্ছতা নাকি ট্রাম্পের রাজনৈতিক ‘ডাইভারশন’ কৌশল?
Oplus_131072
You Might Also Like
Sign Up For Daily Newsletter
Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
Create an Amazing Newspaper
Discover thousands of options, easy to customize layouts, one-click to import demo and much more.
Learn More