ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এখন পর্যন্ত কোনো হামলা হয়নি বলে জানিয়েছে রাশিয়া। সোমবার (৯ মার্চ) রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম–এর প্রধান আলেক্সি লিখাচেভ এ তথ্য নিশ্চিত করেন।
তার বক্তব্য অনুযায়ী, বিদ্যুৎকেন্দ্রের আশপাশে পরিস্থিতি কিছুটা উত্তেজনাপূর্ণ থাকলেও স্থাপনাটি কিংবা এর নির্মাণকাজের স্থানে সরাসরি কোনো হামলার খবর পাওয়া যায়নি।
লিখাচেভ আরও জানান, বুশেহর প্রকল্পে নতুন ইউনিট নির্মাণের কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে জরুরি রক্ষণাবেক্ষণ ও চলমান কিছু কাজ সম্পন্ন করার জন্য ৬০০-এর বেশি কর্মী এখনো সেখানে দায়িত্ব পালন করছেন। এসব কাজ বন্ধ করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কাছে হামলার সম্ভাবনা নিয়ে সতর্কবার্তা দিয়েছিলেন তিনি। তার মতে, প্ল্যান্ট থেকে কয়েক কিলোমিটার দূরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে সেই বিস্ফোরণ সরাসরি বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্য করে করা হয়েছিল কি না, তা নিশ্চিতভাবে বলা যায়নি।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ভবিষ্যতে ওই স্থাপনায় হামলা হতে পারে কি না—সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা কঠিন বলেও মন্তব্য করেন লিখাচেভ। তবে যেকোনো পরিস্থিতিতেই রাশিয়ার কর্মীরা সেখানে দায়িত্ব পালন করবে এবং প্রকল্পটি তাদের কাছে গুরুত্বপূর্ণ অগ্রাধিকারের মধ্যে থাকবে।
তিনি সাংবাদিকদের জানান, বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ও তৃতীয় ইউনিট নির্মাণস্থলে আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। বর্তমানে প্রায় ৬৩৯ জন রুশ কর্মী ইরানে অবস্থান করছেন। এর মধ্যে যারা তেহরানে ছিলেন, তাদের একটি অংশ ইতোমধ্যে দেশটি ছেড়ে চলে যাচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।
ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা নিয়ে যা বলল রাশিয়া
