মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে। দেশটি ইরানের সামরিক অ্যাটাশেসহ দূতাবাসের মোট পাঁচজন কর্মকর্তাকে বহিষ্কার করেছে এবং তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে সৌদি আরব ত্যাগ করার নির্দেশ দিয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে তাদের ভূখণ্ডে ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিবাদ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারিভাবে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, এসব হামলা সৌদি আরবের সার্বভৌমত্ব, নিরাপত্তা, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও অর্থনৈতিক স্বার্থের ওপর সরাসরি আঘাত হানছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইরানের এ ধরনের পদক্ষেপ শুধু সৌদি আরবের জন্য নয়, বরং গাল্ফ অঞ্চলের অন্যান্য দেশ এবং বেশ কয়েকটি আরব ও মুসলিম রাষ্ট্রের নিরাপত্তার জন্যও হুমকি তৈরি করছে। এসব কর্মকাণ্ডকে আন্তর্জাতিক আইন, সুপ্রতিবেশীসুলভ আচরণ এবং বিদ্যমান কূটনৈতিক চুক্তির স্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করা হয়েছে।
সৌদি সরকার সতর্ক করে জানিয়েছে, ইরানের এ ধরনের আগ্রাসী কার্যক্রম অব্যাহত থাকলে ভবিষ্যতে দুই দেশের সম্পর্কের ওপর গুরুতর নেতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে তারা জোর দিয়ে বলেছে, নিজেদের সার্বভৌমত্ব, আকাশসীমা, নাগরিক ও জাতীয় স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক আইনের আলোকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতকে কেন্দ্র করে ইরানের সামরিক তৎপরতা বিভিন্ন দেশে বিস্তৃত হচ্ছে, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
ইরানের সামরিক অ্যাটাশেসহ দূতাবাসের পাঁচ কর্মীকে সৌদি আরব থেকে বহিষ্কার
