জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক বাণীতে তিনি বলেন, পবিত্র রমজান মাসে এক মাসের সিয়াম–সাধনা ও আত্মশুদ্ধির পর ঈদুল ফিতর আসে অবারিত আনন্দ, খুশি এবং মহাসম্যের বার্তা নিয়ে। ঈদ শুধুমাত্র একটি উৎসব নয়, এটি হলো মানুষের মধ্যে একতা, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার একটি মহৎ সামাজিক উপলক্ষ।
চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বলেন, ঈদ ধনী ও গরীব নির্বিশেষে সকলকে সমানভাবে মিলিত হওয়ার সুযোগ এনে দেয়। এই দিনটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে, সামাজিক, আর্থিক বা সাংস্কৃতিক ভেদাভেদ ভুলে আমরা সকলেই মানবতার স্বার্থে একসাথে আসতে পারি। তিনি আরও যোগ করেন, ঈদ আমাদেরকে কেবল আনন্দ দেয় না, বরং সহমর্মিতা, দানশীলতা এবং সমাজকল্যাণে অবদান রাখার শিক্ষা দেয়।
মোস্তফা আমীর ফয়সল আশা প্রকাশ করেছেন যে, এক মাসের সিয়াম–সাধনার মাধ্যমে অর্জিত শিক্ষা প্রতিটি মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে পরিলক্ষিত হবে। তিনি সকলকে অনুরোধ করেছেন, এই শিক্ষাকে নিজেদের জীবনধারায় প্রয়োগ করে শান্তি, সমতা এবং কল্যাণমুখী জীবন সংস্কৃতি প্রতিষ্ঠায় এগিয়ে আসুন। তাঁর মতে, ব্যক্তিগত জীবন, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে এই মূল্যবোধ প্রয়োগ করলে দেশের মানুষ আরও সংহত, সহমর্মী ও সুখী হতে পারবে।
চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল তার বাণীতে দেশের নাগরিকদের উদ্দেশ্যে বলেন, “এই ঈদ হোক এক নতুন আশা, উদ্দীপনা ও সমৃদ্ধির প্রতীক। আমরা সকলেই চাই, আমাদের সমাজে প্রেম, শান্তি ও সহমর্মিতা সর্বদা বজায় থাকুক।” তিনি সবাইকে উৎসাহিত করেছেন, পরিবার, বন্ধু ও প্রতিবেশীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার মাধ্যমে এই পবিত্র উৎসবকে আরও সুন্দর ও অর্থবহ করে তোলার জন্য।