যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় ইরান উপসাগরীয় অঞ্চলে সামরিক কর্মকাণ্ড জোরদার করেছে। এর অংশ হিসেবে মঙ্গলবার (৩ মার্চ) ওমানের দুকম বন্দরে ড্রোন হামলা চালানো হয়েছে।
রাষ্ট্রীয় সূত্রে জানানো হয়েছে, হামলায় একটি জ্বালানি ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার আগে কাতার তার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
উল্লেখযোগ্য, গত সপ্তাহের শেষের দিকে ওমানের ওই বাণিজ্যিক বন্দরে আরেকটি ড্রোন হামলার ঘটনা ঘটে। সেই সময় একজন শ্রমিক আহত হন।
এর আগে সোমবার কাতারের বিভিন্ন স্থাপনায় হামলার কারণে দেশটি তার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন বন্ধ করে দেয়, যা বিশ্বব্যাপী সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশের সমপরিমাণ। একই সঙ্গে সৌদি আরবও তার প্রধান তেল শোধনাগারের উৎপাদন সাময়িকভাবে স্থগিত রাখে।