ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি–এর বড় ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক সরকারি আদেশে এই নিয়োগের বিষয়টি জানানো হয়। রাষ্ট্রপতির অনুমোদনে জারি করা ওই আদেশে স্বাক্ষর করেন যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক।আদেশ অনুযায়ী, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক সম্পূর্ণভাবে পরিত্যাগের শর্তে যোগদানের দিন থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ কার্যকর হবে। নিয়োগের বিস্তারিত শর্তাবলি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে জানানো হয়েছে।উল্লেখ্য, ওসমান হাদি ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ। পরবর্তী সময়ে তিনি রাজনৈতিক ও সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ‘ইনকিলাব মঞ্চ’ গড়ে তোলেন এবং সংগঠনটির আহ্বায়ক ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন।গত বছরের ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। প্রথমে দেশে এবং পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।এদিকে, ওমর হাদির বক্তব্য উদ্ধৃত করে বিভিন্ন সংগঠনের জোট ‘জুলাই ঐক্য’ জানিয়েছে, তাদের সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি নাকি যুক্তরাজ্যের হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে নিয়োগ পাওয়ার কোনো আগ্রহ প্রকাশ করেননি। তাঁর দাবি ছিল কেবল ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে সরকার তাঁকে গানম্যান ও একটি গাড়ি সরবরাহ করে।তবে এই নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন কেন জারি করা হয়েছে—এ বিষয়ে তিনি নিজেও অবগত নন বলে জুলাই ঐক্যকে জানিয়েছেন।
