মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিপরিষদের সদস্যরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় তারা জাতীয় স্মৃতিসৌধে এই শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারতের কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
মন্ত্রিপরিষদের আগমন ঘিরে স্মৃতিসৌধ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি মহাসড়কে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট নিয়মিত তৎপরতা চালাচ্ছে, আর পুরো স্মৃতিসৌধ এলাকা সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে।
এর আগে মঙ্গলবার শপথ গ্রহণের মাধ্যমে তারেক রহমান বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণের পরদিন বুধবার তিনি সচিবালয়ে প্রথম অফিস কার্যক্রম শুরু করেন। সেখানে তিনি মধ্যাহ্নভোজ শেষে বিকেলে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন এবং বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় করেন। এ উপলক্ষে সচিবালয় এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
কর্মকর্তারা আরও জানান, নির্বাচনের গেজেট প্রকাশের পর থেকেই মন্ত্রিপরিষদ বিভাগে তৎপরতা বেড়েছে। নতুন ভবনের ছয়টি লিফট একযোগে ব্যস্ত ছিল, কর্মকর্তা-কর্মচারীরা এক তলা থেকে অন্য তলায় ফাইল হাতে ছুটছেন। প্রচলিত রেওয়াজ ভেঙে এবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আয়োজন করা হয়, যার সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান করেন মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মঙ্গলবার জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর কাছ থেকে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন।
জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
