সরকার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসকের দায়িত্ব থেকে মোহাম্মদ এজাজকে অব্যাহতি দিয়েছে। তার পরিবর্তে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার ৯ ফেব্রুয়ারি সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহবুবা আইরিনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। মন্ত্রণালয়ের সিটি করপোরেশন–১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুরাইয়া আক্তার জাহান ডিএনসিসির প্রশাসকের দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নবনিযুক্ত প্রশাসক ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি তার বর্তমান পদে বহাল থেকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে এ দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী শুধু দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন। এ ছাড়া অন্য কোনো আর্থিক বা আনুষঙ্গিক সুবিধা প্রযোজ্য হবে না। উল্লেখ্য, এর আগে গত বছরের ১২ ফেব্রুয়ারি রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজকে ডিএনসিসির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এদিকে, গত ১ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।
