আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেছে জাতিসংঘ। ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনে অংশগ্রহণ সবার মৌলিক অধিকার এবং এর মধ্যে নারী, বিশেষ করে প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নারী ও ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষের অধিকারও অন্তর্ভুক্ত।
বিবৃতিতে উল্লেখ করা হয়, নির্বাচনের সময় অনলাইন হয়রানি, সাইবার বুলিং, ডিপফেক প্রযুক্তির অপব্যবহার, বিকৃত ছবি ছড়িয়ে দেওয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যৌন ইঙ্গিতপূর্ণ কনটেন্ট প্রকাশের মাধ্যমে নারী ভোটার ও নারী প্রার্থীদের লক্ষ্যবস্তু করার বিষয়ে বিভিন্ন রাজনৈতিক কর্মী, সাংবাদিক, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজ সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে, এবং জাতিসংঘ এসব বিষয়ে সচেতন রয়েছে।
জাতিসংঘ আরও জানিয়েছে, নির্বাচনকালীন সহিংসতা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে। এ প্রেক্ষাপটে সংস্থাটি তার সব অংশীদার ও সংশ্লিষ্ট পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে, যাতে নারীদের বিরুদ্ধে কোনো ধরনের বৈষম্য বা সহিংসতা না ঘটে এবং একটি শান্তিপূর্ণ ও নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করে।
নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
