অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ সিদ্ধান্ত জানানো হয়।
ঘোষণায় বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজটি আর সক্রিয় থাকবে না। একই সঙ্গে গত ১৮ মাস ধরে পেজটির সঙ্গে যুক্ত থাকা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, এই সময়ে প্রাপ্ত সমর্থন, সহযোগিতা, আগ্রহ ও গঠনমূলক সমালোচনা তাদের যাত্রাকে আরও অর্থবহ ও সমৃদ্ধ করেছে।
এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
ওই দিনই দুপুরে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথমে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন, এরপর ১১ দলীয় জোট, স্বতন্ত্র ও অন্যান্য দলের এমপিরা শপথ গ্রহণ করেন। সকলকে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ Chief Adviser GOB (Head of the Government) নামেই পরিচালিত হতো। পেজটি ২০২৪ সালের ১৪ আগস্ট খোলা হয় এবং বর্তমানে এতে ৪৪ লাখেরও বেশি অনুসারী রয়েছে।