ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধনের সংখ্যা ৪ লাখ ২০ হাজার ছাড়িয়েছে। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টার মধ্যে এই সংখ্যা অতিক্রম করে। সোমবার রাত ৯টা পর্যন্ত মোট ৪ লাখ ২০ হাজার ৪৮০ জন প্রবাসী ভোটার অ্যাপে নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৯৪ হাজার ৪০৭ জন এবং নারী ভোটার ২৬ হাজার ৪৮৫ জন।ইসি জানায়, নিবন্ধনকারীদের মধ্যে এখনো ৬ হাজার ৫৯০ জনের আবেদন অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অন্যদিকে ৪ লাখ ১৩ হাজার ৯৯৭ জনের নিবন্ধন ইতোমধ্যে অনুমোদিত হয়েছে।এবারই প্রথমবারের মতো তথ্যপ্রযুক্তি সহায়তায় পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোটগ্রহণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এই ব্যবস্থার আওতায় প্রবাসী ভোটারদের পাশাপাশি আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারাও ভোট দিতে পারবেন। এ জন্য নির্ধারিত অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক।গত ১৯ নভেম্বর থেকে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। নির্বাচন কমিশনের তথ্যমতে, নিবন্ধন সম্পন্ন হলে ভোটারদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোট প্রদান শেষে ভোটাররা নির্ধারিত খামে ব্যালট ফেরত পাঠাবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে।ইসি কর্মকর্তারা জানিয়েছেন, অতীতে পোস্টাল ব্যালট পদ্ধতি কার্যকর না হওয়ায় এবার তা আধুনিক ও আইটি-সমর্থিত ব্যবস্থায় বাস্তবায়ন করা হচ্ছে।আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। প্রাথমিকভাবে ৫০ লাখ প্রবাসী ভোটারকে এই প্রক্রিয়ার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
