বিশ্বকাপ প্লে-অফের সেমিফাইনালে শক্তিশালী পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে একই একাদশ ধরে রাখতে পারে ইতালি। অপরদিকে, স্বাগতিক বসনিয়া ও হার্জেগোভিনা দলে এক তরুণ প্রতিভাকে শুরুর একাদশে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে। ফুটবলভিত্তিক গণমাধ্যম Football Italia-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বসনিয়ার জেনিৎসায় অবস্থিত বিলিনো পোলিয়ে স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে, বাংলাদেশ সময় বুধবার রাত ১২টা ৪৫ মিনিটে। নির্ধারিত সময়ে ফলাফল না এলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে, প্রয়োজনে পেনাল্টি শ্যুটআউটের মাধ্যমে নির্ধারিত হবে জয়ী দল।
নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের পর ইতালির দলে কিছু পরিবর্তনের সম্ভাবনা শোনা গেলেও, সর্বশেষ তথ্য বলছে—মূল একাদশে বড় কোনো রদবদল নাও আসতে পারে। বদলি হিসেবে নেমে ভালো পারফরম্যান্স করা ইন্টার মিলানের তরুণ ফরোয়ার্ড ফ্রান্সেস্কো পিও এস্পোশিতো এবং উইঙ্গার মার্কো পালেস্ত্রা আলোচনায় থাকলেও, মাতেও রেতেগি ও মাতেও পলিতানো তাদের জায়গা ধরে রাখতে পারেন।
ইতালির কোচ জেনারো গাত্তুসো ইঙ্গিত দিয়েছেন যে, মাঝমাঠে দায়িত্বে থাকবেন মানুয়েল লোকাতেল্লি। আগের ম্যাচে তার পজিশনিং নিয়ে কিছুটা অসন্তুষ্টি থাকলেও, অভিজ্ঞতার ওপর ভরসা রেখেই তাকে আবার সুযোগ দিচ্ছেন কোচ।
অন্যদিকে, বসনিয়া দলে অন্তত একটি পরিবর্তন আসতে পারে। ১৮ বছর বয়সী উইঙ্গার কেরিম আলাজবেগোভিচ, যিনি ওয়েলসের বিপক্ষে সেমিফাইনালে বদলি হিসেবে নেমে দারুণ পারফরম্যান্স করেন এবং টাইব্রেকারে জয়সূচক গোল করেন, তাকে শুরুর একাদশে দেখা যেতে পারে। সে ক্ষেত্রে এস্মির বাজরাকতেভিচের জায়গায় আলাজবেগোভিচ খেলতে পারেন, এডিন জেকো ও এরমেদিন ডেমিরোভিচের সঙ্গে আক্রমণভাগে।
বসনিয়ার জন্য ইতিবাচক খবর হলো, ডিফেন্ডার সেয়াদ কোলাসিনাচ ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে ফিরেছেন এবং শুরুর একাদশে থাকার সম্ভাবনাই বেশি।
সম্ভাব্য একাদশ
বসনিয়া:
ভাসিল (গোলরক্ষক); দেদিচ, কাতিচ, মুহারেমিভিচ, কোলাসিনাচ; মেমিচ, সুনিচ, তাহিরোভিচ, আলাজবেগোভিচ; ডেমিরোভিচ, জেকো।
ইতালি:
দোন্নারুম্মা (গোলরক্ষক); মানচিনি, বাস্তোনি, কালাফিওরি; পলিতানো, বারেল্লা, লোকাতেল্লি, তোনালি, দিমার্কো; কিন, রেতেগি।
বিশ্বকাপ নিশ্চিতের লড়াইয়ে ইতালি ও বসনিয়ার সম্ভাব্য একাদশ
