আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সকল ধরনের নির্বাচনী প্রচারণা মঙ্গলবার (১০ফেব্রুয়ারি)
সকাল ৭টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে শেষ হবে।নির্বাচন ও গণভোটকে প্রভাবমুক্ত, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে।নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে,১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে ১৩ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত নির্বাচনী এলাকায় কোনো বহিরাগত ব্যক্তি অবস্থান করতে পারবেন না।সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়,নির্বাচনী কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত ব্যক্তি, নির্বাচন কমিশনের অনুমোদনপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং ওই নির্বাচনী এলাকার স্থায়ী বাসিন্দা বা ভোটাররা ছাড়া অন্য কেউ নির্বাচনী এলাকায় অবস্থান করতে পারবেন না।এই বিধিনিষেধ ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে ১৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কার্যকর থাকবে।এছাড়া, নির্বাচন কমিশনের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।