মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে যেকোনো মধ্যস্থতা উদ্যোগ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে পরিচালিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তাঁর মতে, বর্তমান পরিস্থিতির জন্য যারা দায়ী, তাদেরই জবাবদিহি করতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া এক বার্তায় তিনি বলেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ইরান প্রতিশ্রুতিবদ্ধ। তবে দেশের মর্যাদা, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না।
তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যারা এই সংঘাতের সূচনা করেছে, জবাবদিহিতা তাদেরই হওয়া উচিত।
পেজেশকিয়ান আরও বলেন, যে পক্ষ ইরানের জনগণকে অবমূল্যায়ন করেছে এবং এই উত্তেজনার পরিস্থিতি তৈরি করেছে, আলোচনার উদ্যোগ মূলত তাদের সঙ্গেই হওয়া প্রয়োজন।
ইরানের প্রেসিডেন্টের বক্তব্য থেকে স্পষ্ট যে, তেহরান শান্তিপূর্ণ সমাধানের পক্ষে থাকলেও দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত এলে তা মেনে নেওয়া হবে না। একই সঙ্গে তিনি বর্তমান সংকটের দায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপরই আরোপ করেছেন।