ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজের পাশাপাশি তাদের মিত্রদেরও হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে দেওয়া হবে না।
বিপ্লবী গার্ড শুক্রবার (২৭ মার্চ) এক বিবৃতিতে জানিয়েছে, আজ তিনটি ভিন্ন দেশের জাহাজ হরমুজ প্রণালী পারাপারের চেষ্টা করেছিল। তবে বিপ্লবী গার্ডের সতর্কতার পর এই জাহাজগুলো ফিরে যেতে বাধ্য হয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, যদি কোনো শত্রু বা তাদের মিত্রদের জাহাজ নিষেধাজ্ঞা অমান্য করে প্রণালী দিয়ে চলার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিপ্লবী গার্ডের বক্তব্য অনুযায়ী, “তিনটি ভিন্ন দেশের মালবাহী জাহাজ নির্দিষ্ট পথ দিয়ে চলার চেষ্টা করেছিল। কিন্তু আমাদের নৌসেনা তাদের বাধার মুখে ফিরে যেতে বাধ্য করে। হরমুজ প্রণালী এখন সম্পূর্ণভাবে বন্ধ। এখানে কোনো জাহাজ চলার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বন্ধু রাষ্ট্র বা যারা তাদের সমর্থন দেয়, তাদের কোনো জাহাজ কোনো বন্দরেই আসা-যাওয়া করতে পারবে না। তাদের যে কোনো গন্তব্য বা যেকোনো পথ ব্যবহার করা এখন নিষিদ্ধ।”