মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আঞ্চলিক বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটছে। একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটও বাতিল করা হচ্ছে। এই পরিস্থিতিতে পাকিস্তান সরকার মঙ্গলবার (৩ মার্চ) থেকে লাহোর ও করাচি অঞ্চলে বাণিজ্যিক ফ্লাইটের জন্য আকাশসীমা আংশিকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ৩ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন স্থানীয় সময় সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত (গ্রিনিচ মান সময় ভোর ৪টা থেকে সকাল ১০টা) করাচি ও লাহোর অঞ্চলের নির্দিষ্ট রুটে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিচালনাগত কারণে।
একই সময়ে, পাকিস্তানের বিভিন্ন শহর থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে চলাচলকারী ১৫০টিরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানে এখন পর্যন্ত প্রায় ৭৮৭ জনের মৃত্যু হয়েছে। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি মঙ্গলবার (৩ মার্চ) এ মৃত্যুর হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। সংস্থাটি দাবি করেছে, এটি আগের মানবিক সংস্থাগুলোর হিসাবের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি।