পারস্য উপসাগরের দুবাই উপকূলের কাছাকাছি এলাকায় গত বৃহস্পতিবার ভোরে একটি কনটেইনার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সকাল ৬টা ১৯ মিনিটের দিকে ‘সোর্স ব্লেসিং’ নামের জাহাজটিতে আঘাত হানলে জাহাজটিতে আগুন ধরে যায়। লাইবেরিয়ার পতাকাবাহী এই জাহাজে থাকা নাবিকরা সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান।
ইরানে সামরিক সংঘাত শুরু হওয়ার পর কয়েকদিন ধরে জাহাজটি ওই এলাকায় নোঙর করে অপেক্ষা করছিল। হামলার ঘটনাটি দেখিয়ে দিয়েছে যে হরমুজ প্রণালির আশপাশে অবস্থান করাও এখন অনেক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর থেকে এ পর্যন্ত হরমুজ প্রণালি ও আশপাশের সমুদ্রপথে একাধিক বাণিজ্যিক জাহাজ হামলার মুখে পড়েছে। দুই সপ্তাহের মধ্যেই পারস্য উপসাগরে প্রায় ১১০টির মতো তেলবাহী ট্যাংকারসহ হাজারের বেশি পণ্যবাহী জাহাজ আটকে আছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব জাহাজ নিরাপদে চলাচলের সুযোগের অপেক্ষায় রয়েছে।
বিশ্লেষকদের মতে, উপসাগরে অবস্থান করা জাহাজগুলো বর্তমানে সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার সম্ভাবনাও খুব বেশি দেখা যাচ্ছে না।
বিশ্ব শিপিং কাউন্সিলের প্রধান নির্বাহী জো ক্রামেক বলেন, নাবিকরা কোনো সংঘাতের পক্ষভুক্ত না হলেও তারা এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অনিশ্চিত পরিবেশের মধ্যে কাজ করতে বাধ্য হচ্ছেন।
শিপিং বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতি অনেকটা দ্বিধাগ্রস্ত অবস্থার মতো। একদিকে হরমুজ প্রণালি অতিক্রম করা ঝুঁকিপূর্ণ, অন্যদিকে উপসাগরে দীর্ঘ সময় অবস্থান করাও নিরাপদ নয়।
তবুও কিছু শিপিং কোম্পানি ঝুঁকি নিয়েই তাদের জাহাজ চলাচল অব্যাহত রেখেছে। গ্রিসের বিলিয়নিয়ার জর্জ প্রকোপিউর মালিকানাধীন একটি শিপিং কোম্পানি চলতি মাসের শুরুতে তাদের কয়েকটি তেলবাহী ট্যাংকারকে এই প্রণালি পার করিয়েছে বলে জানা গেছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাহাজ মালিকদের ঝুঁকি নিয়েও উপসাগর ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তবে অনেক শিপিং কোম্পানি বলছে, নৌবাহিনীর শক্তিশালী নিরাপত্তা ছাড়া তারা এই পথ ব্যবহার করতে আগ্রহী নয়।
বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থায় পৌঁছেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, যদি প্রণালিতে মাইন বসানো হয় বা সে ধরনের খবর ছড়িয়ে পড়ে, তাহলে বাণিজ্যিক জাহাজ চলাচল আরও বড় সংকটে পড়তে পারে।