হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য ট্রানজিট ফি নিজস্ব মুদ্রা রিয়ালে পরিশোধের প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান জানিয়েছেন, একটি সংসদীয় প্রস্তাব অনুযায়ী এই গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহারকারী জাহাজগুলোকে ইরানের জাতীয় মুদ্রাতেই ফি পরিশোধ করতে হবে।
শুক্রবার মুম্বাইয়ে ইরানের কনস্যুলেট জেনারেলের এক্স (সাবেক টুইটার) পোস্টে এ তথ্য জানানো হয়।
এ সপ্তাহে বিশ্লেষকরা আল-জাজিরা-কে জানিয়েছেন, ইরান ও চীন যৌথভাবে যুক্তরাষ্ট্রের ডলারের বৈশ্বিক আধিপত্য দুর্বল করার নানা কৌশল খুঁজছে।
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ আরও কঠোর করে এবং কার্যত টোল ব্যবস্থার মতো একটি প্রক্রিয়া চালু করে। এতে কিছু বাণিজ্যিক জাহাজকে চীনা মুদ্রা ইউয়ানে ট্রানজিট ফি পরিশোধ করতে বাধ্য করা হয়।
অবরোধ চলাকালে ঠিক কতগুলো জাহাজ ইউয়ানে অর্থ পরিশোধ করেছে, তা স্পষ্ট নয়। তবে লয়েডস-এর তথ্য অনুযায়ী, গত ২৫ মার্চ পর্যন্ত অন্তত দুটি জাহাজ ইরানি মুদ্রায় ফি পরিশোধ করেছে।