ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বুধবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি মানেই এই সংঘাতের চূড়ান্ত অবসান নয়। ইরানের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, তাদের প্রস্তাবিত ১০ দফা পরিকল্পনার সব বিষয় নিয়ে আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি এই ১০ দফা পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করেছে।
পরিকল্পনার প্রথম দফায় ইরান যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভবিষ্যতে কোনো ধরনের সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা চেয়েছে। দ্বিতীয় দফায় গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার দাবি জানানো হয়েছে। তৃতীয় দফায় ইরানের পরমাণু সমৃদ্ধকরণের অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে।
চতুর্থ ও পঞ্চম দফায় ইরানের ওপর আরোপিত সব ধরনের প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি করা হয়েছে। ষষ্ঠ দফায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইরানবিরোধী সব প্রস্তাব বাতিলের কথা উল্লেখ করা হয়েছে। সপ্তম দফায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার গভর্নর বোর্ডের গৃহীত ইরানবিরোধী প্রস্তাবগুলোও প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
অষ্টম দফায় সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। নবম দফায় মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের সব সামরিক বাহিনী সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আর দশম ও শেষ দফায় লেবাননসহ সংশ্লিষ্ট সব যুদ্ধক্ষেত্রে সংঘাত বন্ধের প্রস্তাব রাখা হয়েছে।
সূত্র: জিনহুয়া।