পাকিস্তান দাবি করেছে, আফগানিস্তানের রাজধানী কাবুলসহ বিভিন্ন অঞ্চলে বিমান হামলা এবং সামরিক অভিযানের ফলে এখন পর্যন্ত ২৭৪ তালেবান সদস্য নিহত হয়েছে। এছাড়া চারশোর বেশি তালেবান আহত হয়েছে।
পাকিস্তানের ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে, পাকিস্তান সেনাবাহিনী জনসংযোগ দফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অভিযানের নাম ছিল ‘অপারেশন গাজাব লিল-হক’।
জেনারেল চৌধুরী আরও জানিয়েছেন, আফগানিস্তানের কাবুল, কান্দাহার, পাকতিয়া, নানগারহার, খোস্ত ও পাকতিকা প্রদেশে মোট ২২টি স্থানে অভিযান চালানো হয়েছে। এ পর্যন্ত ৭৩টি চৌকি, অন্তত ১১৫টি ট্যাংক, সাঁজোয়া যান এবং কামান ধ্বংস করা হয়েছে। পাকিস্তান সেনারা ১৭টি চৌকির নিয়ন্ত্রণও গ্রহণ করেছে।
তার ভাষ্য অনুযায়ী, লক্ষ্যবস্তুর মধ্যে ছিল তালেবান বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর, ব্রিগেড ও ব্যাটালিয়ন সদর দপ্তর, সেক্টর কমান্ডার অফিস, গোলাবারুদ ডিপো এবং অন্যান্য জঙ্গি আশ্রয়স্থল।
বেসামরিক ক্ষয়ক্ষতি সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষ্যগুলো নির্ধারণ করা হয়েছে এবং সর্বাধিক সতর্কতা অবলম্বন করা হয়েছে যাতে বেসামরিক লোকদের কোনো ক্ষতি না হয়।’
পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, সংঘর্ষে ১২ জন পাকিস্তানি সেনাও নিহত হয়েছে।