শনিবার বিকেলে ঠাকুরগাঁও-১ (সদর) আসনের শুকানপুখুরী ইউনিয়নের জাঠিভাঙ্গা উচ্চবিদ্যালয় মাঠে এক নির্বাচনী পথসভায় বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতা দেশের জন্য ইতিবাচক কোনো বার্তা দেয় না। বিশেষ করে ফিলিস্তিনে যখন নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে, তখন এ ধরনের আন্তর্জাতিক আঁতাত দেশের শান্তি, শৃঙ্খলা ও সার্বভৌমত্বের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে তিনি মন্তব্য করেন।তিনি আরও জানান, ওয়াশিংটন পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদন নিয়ে প্রশ্ন উঠেছে এবং এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে ব্যাখ্যা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় নেতাকর্মীরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। এর আগে তিনি একই ইউনিয়নের বিভিন্ন এলাকায় এবং দুপুরে আউলিয়াপুর ইউনিয়নের একাধিক পথসভায় বক্তব্য রাখেন। ডি হাট উচ্চবিদ্যালয় মাঠে আরেকটি পথসভায় মির্জা ফখরুল বলেন, অতীতে নৌকা ও ধানের শীষের মধ্যে সরাসরি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা দেখা যেত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে লড়াইটা হচ্ছে এমন শক্তির বিরুদ্ধে, যাদের প্রকাশ্যে দেখা যায় না, যাদের পরিচয় স্পষ্ট নয়।শনিবার দুপুরে আউলিয়াপুর ইউনিয়নের এক পথসভায় তিনি বলেন, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে যে দলটি বর্তমানে ভোট চাইছে, তারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর পক্ষ অবলম্বন করেছিল—এ কথা মানুষ ভুলে যায়নি।তিনি জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যা মা-বোনদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে কার্যকর ভূমিকা রাখবে। এই কার্ডের মাধ্যমে নারীরা পরিবারের দৈনন্দিন প্রয়োজন মেটাতে সরাসরি সুবিধা পাবেন।এছাড়া কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালুর কথা উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে কৃষকরা সরকারি সহায়তা ও সুযোগ-সুবিধা সহজে পাবেন।পাশাপাশি সাধারণ মানুষের জন্য ‘স্বাস্থ্য কার্ড’ চালু করে সাশ্রয়ী ও সহজ চিকিৎসাসেবা নিশ্চিত করার পরিকল্পনার কথাও জানান তিনি।পথসভায় উপস্থিত কয়েকজন ভোটার মঞ্চে উঠে তাঁদের বিভিন্ন দাবি তুলে ধরেন। জবাবে মির্জা ফখরুল আশ্বাস দেন, নির্বাচিত হলে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
