র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)–এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বাহিনীটির নতুন নাম নির্ধারণ করা হয়েছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি)দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, গত দেড় বছরে র্যাবের কার্যক্রম ও কাজের মানে ইতিবাচক পরিবর্তন এসেছে। অনেকদিন ধরেই বাহিনীটির নাম পরিবর্তন নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও প্রত্যাশা ছিল। সেই বিবেচনায় নিয়েই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ট্রান্সপারেন্সি ইন্টার-
ন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এ বিষয়ে তাদের কিছু উদ্বেগের কথা জানিয়েছে। তবে বর্তমানে পুলিশের মনোবল ও কর্মদক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সে কারণে আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের শঙ্কার কারণ নেই বলে তিনি আশ্বাস দেন।নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আল্লাহর রহমতে নির্বাচন খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। এ নিয়ে কারও সন্দেহ করার সুযোগ নেই। নির্বাচন হবে সম্পূর্ণ স্বাধীন, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য এবং উৎসবমুখর পরিবেশে।