কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনকে ঘিরে প্রকাশিত বিপুল পরিমাণ নতুন নথির মধ্য থেকে একটি ছবি সম্প্রতি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রকাশিত সেই ছবিতে দেখা যায়, তিনি কাবা শরিফের একটি পুরোনো আচ্ছাদনের অংশ নিজের বাসায় কার্পেট হিসেবে ব্যবহার করেছেন বলে দাবি করা হচ্ছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) তুরস্কের প্রভাবশালী দৈনিক ইয়েনি সাফাক এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত নথিপত্র থেকে জানা যায়—আজিজা আল-আহমাদি নামের এক নারী, যিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ঘনিষ্ঠ ও একমাত্র নারী উপদেষ্টা হিসেবে পরিচিত, তিনি নাকি জেফরি এপস্টেইনকে কাবা শরিফের আচ্ছাদনের কিছু অংশ উপহার দিয়েছিলেন। প্রতিবেদন অনুযায়ী, প্রকাশিত ছবিতে দেখা যায় এপস্টেইন তার ব্যক্তিগত বাসভবনে ওই টুকরোগুলো মেঝেতে বিছিয়ে রেখেছিলেন এবং সেগুলো কার্পেট হিসেবে ব্যবহার করা হচ্ছিল। ইয়েনি সাফাক আরও জানায়, ছবিতে এপস্টেইনের পাশে যে ব্যক্তিকে দেখা গেছে, তিনি হলেন সুলতান আহমেদ বিন সুলাইয়েম। তিনি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। একই সঙ্গে তিনি দেশটির বন্দর, শুল্ক ও ফ্রি জোন কর্পোরেশন (পিসিএফসি)-এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।
