দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) তিনি রওনা হন। ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর একটি বিশেষ বৈঠকে অংশ নিতেই এই সফর।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, সফরে তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জেদ্দায় ওআইসি সাধারণ সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ওপেন-এন্ডেড এক্সিকিউটিভ কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হবে। এই বৈঠকে সাম্প্রতিক ইসরায়েলি সিদ্ধান্তসমূহ নিয়ে আলোচনা হবে, বিশেষ করে দখলকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ, সংযুক্তিকরণ এবং সেখানে ইসরায়েলি কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রচেষ্টা নিয়ে।
ওআইসি জানিয়েছে, সদস্য দেশগুলোর অবস্থান সমন্বয়ের লক্ষ্যে এই জরুরি অধিবেশন ডাকা হয়েছে। ইসরায়েলের পদক্ষেপের বিরুদ্ধে কী ধরনের কূটনৈতিক ও কার্যকর প্রতিক্রিয়া জানানো যেতে পারে, তা নিয়েও আলোচনা হবে।
সম্প্রতি ইসরায়েল পশ্চিম তীরের কিছু ভূমিকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে ঘোষণা করে সেখানে নতুন বসতি স্থাপনের উদ্যোগ নিয়েছে। বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের আইনগত, রাজনৈতিক ও জনসংখ্যাগত বাস্তবতা পরিবর্তনের বৃহত্তর পরিকল্পনার অংশ। এর ফলে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা আরও জটিল হয়ে উঠতে পারে।