ইরানের বুশেহর পারমাণবিক স্থাপনার আশেপাশে সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি সতর্ক করে বলেছেন, এ ধরনের হামলা অব্যাহত থাকলে এর ফলে সৃষ্ট তেজস্ক্রিয় বিকিরণ গোটা উপসাগরীয় অঞ্চলের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অতীতে ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ঘিরে সংঘাতের সময় পশ্চিমা দেশগুলোর কঠোর প্রতিক্রিয়া বিশ্ব দেখেছে। সেই প্রেক্ষাপটে তিনি প্রশ্ন তোলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়ে একই ধরনের উদ্বেগ কেন দেখা যাচ্ছে না।
আরাঘচির দাবি অনুযায়ী, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একাধিকবার বুশেহর কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তার মতে, এসব হামলার কারণে যদি তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ে, তবে এর প্রভাব শুধু ইরানেই সীমাবদ্ধ থাকবে না; বরং উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জি সি সি )-এর সদস্য রাষ্ট্রগুলোর রাজধানীগুলোও গুরুতর ক্ষতির মুখে পড়তে পারে।
তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের পরিস্থিতি মানবজীবন, পরিবেশ এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে। পাশাপাশি ইরানের পেট্রোকেমিক্যাল শিল্পে হামলার ঘটনাগুলোকে তিনি বৃহত্তর কৌশলগত আক্রমণের অংশ হিসেবে অভিহিত করেন।
পরিস্থিতির প্রেক্ষিতে ইরান আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা ও সম্ভাব্য তেজস্ক্রিয় ঝুঁকি নিয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানিয়েছে।