তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফোয়াদ ইজাদি মন্তব্য করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানকে ঘিরে ডোনাল্ড ট্রাম্প-এর সাম্প্রতিক অশালীন ভাষা ও ধারাবাহিক হুমকি ইঙ্গিত দেয় যে মার্কিন প্রেসিডেন্ট মানসিকভাবে যেন ‘নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন’। আল জাজিরা-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ট্রাম্পের বর্তমান রাজনৈতিক অবস্থা ও মানসিক অস্থিরতা নিয়ে এমন বিশ্লেষণ তুলে ধরেন।
অধ্যাপক ইজাদির মতে, ট্রাম্প এখন তীব্র রাজনৈতিক চাপের মধ্যে রয়েছেন। তিনি ধারণা করেছিলেন মাত্র তিন দিনের মধ্যেই ইরানে ‘রেজিম চেঞ্জ’ বা শাসনব্যবস্থার পরিবর্তন ঘটাতে পারবেন, কিন্তু বাস্তবে সেই লক্ষ্য পূরণ না হওয়ায় তিনি ভীষণ হতাশ ও ক্ষুব্ধ হয়ে পড়েছেন। ইজাদি মনে করেন, এই ব্যর্থতার ফলেই ট্রাম্পের বক্তব্যে এমন উগ্রতা ও কুরুচিপূর্ণ শব্দের প্রকাশ দেখা যাচ্ছে।
এই সংকটপূর্ণ পরিস্থিতিতে ইরানের নেতৃত্ব আশা করছে, ট্রাম্প হয়তো কোনো এক পর্যায়ে নিজেকে ‘বিজয়ী’ ঘোষণা দিয়ে এই সংঘাতের সমাপ্তি টানবেন। তবে রাজনৈতিক সমঝোতা প্রসঙ্গে ইজাদি সতর্ক করে বলেন, ট্রাম্পের মতো একজন নেতার সঙ্গে এমন কোনো চুক্তি করা কঠিন, যা ইরানের জন্য বাস্তবিক অর্থে লাভজনক হতে পারে।
তিনি আরও বলেন, কোনো ইরানি রাজনীতিকের পক্ষেই ট্রাম্পের মতো কারও হাতে দেশের নিয়ন্ত্রণ তুলে দেওয়া হবে ‘রাজনৈতিক আত্মহত্যা’র সমতুল্য, যা ইরানের সাধারণ মানুষ কখনোই মেনে নেবে না। ট্রাম্পের ক্রমবর্ধমান হুমকির প্রেক্ষাপটে ইরানের নীতিনির্ধারকরা তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করছেন।
সূত্র: আল জাজিরা।