আগামী ১ এপ্রিল থেকে গ্যাসোলিন রপ্তানিতে সাময়িক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। শুক্রবার দেশটির সরকার জানায়, এ সংক্রান্ত প্রস্তাবের খসড়া তৈরির জন্য জ্বালানি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাস আগেই জানিয়েছিল, এই নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত কার্যকর থাকতে পারে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক অপরিশোধিত তেল ও তেলজাত পণ্যের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার ফলে আন্তর্জাতিক জ্বালানির দামে ওঠানামা বেড়েছে।
নোভাক বলেন, বৈশ্বিক বাজারে দামের অস্থিরতা থাকলেও বিদেশে রুশ জ্বালানির চাহিদা এখনও শক্তিশালী রয়েছে, যা দেশের জন্য ইতিবাচক দিক। সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দেশের তেল শোধন কার্যক্রম আগের বছরের মতোই অব্যাহত রয়েছে, ফলে অভ্যন্তরীণ বাজারে জ্বালানির সরবরাহ স্থিতিশীল রাখা সম্ভব হচ্ছে।
উল্লেখ্য, গত বছর রাশিয়ার বিভিন্ন অঞ্চল এবং রুশ-নিয়ন্ত্রিত ইউক্রেনের কিছু এলাকায় গ্যাসোলিন সংকট দেখা দেয়। মৌসুমি চাহিদা বৃদ্ধি এবং ইউক্রেনের হামলায় তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির মূল্য নিয়ন্ত্রণ ও সরবরাহ নিশ্চিত করতে রাশিয়া এর আগেও একাধিকবার গ্যাসোলিন ও ডিজেল রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করেছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত বছর দেশটি প্রায় ৫০ লাখ মেট্রিক টন গ্যাসোলিন রপ্তানি করে, যা দৈনিক গড়ে প্রায় ১ লাখ ১৭ হাজার ব্যারেলের সমান।