নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে সরকারের দায়িত্ব হস্তান্তর করা হবে—এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, নির্বাচনের পর অন্তর্বর্তী সরকার আরও ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকবে—এমন দাবি সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা। তিনি উল্লেখ করেন, যারা এই কথা ছড়াচ্ছে, তারাই আগে নির্বাচন নিয়ে সন্দেহ তৈরির চেষ্টা করেছিল। এখন সময়মতো নির্বাচন হচ্ছে দেখে তারা নতুন ষড়যন্ত্রমূলক কথা ছড়াচ্ছে। দুঃখজনকভাবে এসব বিভ্রান্তিকর প্রচারণায় অনেক শিক্ষিত মানুষও বিভ্রান্ত হচ্ছেন, যদিও বাস্তবে এর কোনো ভিত্তি নেই। তিনি স্পষ্ট করে বলেন, নির্বাচন শেষ হওয়ার পর সরকার দেরি না করে দ্রুতই নির্বাচিত প্রতিনিধিদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেবে।
