আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রায় সাড়ে ৮২ ঘণ্টা সময়ের জন্য কোনো ব্যক্তির নিজ নির্বাচনী এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন(ইসি)। নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সোমবার ৯ ফেব্রুয়ারি, নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এই নিষেধাজ্ঞা কার্যকরের বিষয়ে দেশের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের কাছে লিখিত নির্দেশনা পাঠান। নির্দেশনায় বলা হয়, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রভাবমুক্ত ও শান্তিপূর্ণভাবে আয়োজনের স্বার্থে নির্বাচনী কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত ব্যক্তি, নির্বাচন কমিশনের অনুমোদনপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার স্থায়ী বাসিন্দা বা ভোটার ছাড়া অন্য কেউ নির্ধারিত সময়ে ওই নির্বাচনী এলাকায় অবস্থান করতে পারবেন না।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, এই বিধিনিষেধ কার্যকর থাকবে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষের ২৪ ঘণ্টা পর পর্যন্ত। সে হিসেবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে ১৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থান নিষিদ্ধ থাকবে। উল্লেখ্য, বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।