জর্ডানের রাজধানী আম্মানে একটি আবাসিক ভবনে ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। শনিবার দুপুরে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। তবে ঘটনাটি নিয়ে এখন পর্যন্ত জর্ডান সরকার কিংবা ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।
এদিকে, ইসরায়েলে পাল্টা হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সৌদি আরব, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদসূত্র জানিয়েছে।
এক আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক পদক্ষেপের জবাবে ইরান ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। এর পরপরই উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণের ঘটনা সামনে আসে।
অন্যদিকে, বাহরাইন জানিয়েছে যে দেশটিতে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল।
ঘটনাগুলোর বিষয়ে এখনো সংশ্লিষ্ট দেশগুলোর আনুষ্ঠানিক ও পূর্ণাঙ্গ বিবৃতি পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে।