জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-র ব্যাংক হিসাব সংক্রান্ত তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার দেশের বিভিন্ন ব্যাংকে চিঠি পাঠিয়ে তার হিসাবের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
চিঠিতে আগামী তিন কার্যদিবসের মধ্যে তার ব্যাংক অ্যাকাউন্ট খোলার ফরম, লেনদেনের বিবরণসহ সংশ্লিষ্ট সব তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।
জুলাইয়ের আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন আসিফ মাহমুদ। সে সময় তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত বছরের ১০ ডিসেম্বর তিনি ও মাহফুজ আলম উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ান। এর আগে এনসিপির আহ্বায়ক ও বর্তমান সংসদ সদস্য নাহিদ ইসলামও পদত্যাগ করেন।
১৯৯৮ সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন আসিফ মাহমুদ। তার বাবা মো. বিল্লাল হোসেন এবং মা রোকসানা বেগম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ছাত্র অধিকার পরিষদের সভাপতি ছিলেন। ২০২৩ সালে আত্মপ্রকাশ করা গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জাতীয় নাগরিক পার্টি-র মুখপাত্র হিসেবে আছেন।
এনসিপির আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
