জাপানের প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে, উত্তর কোরিয়া একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। শনিবার দেশটির প্রধানমন্ত্রী কার্যালয়ের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়।
ওই বার্তায় বলা হয়, জরুরি সতর্কতা হিসেবে জানানো হচ্ছে যে উত্তর কোরিয়া একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও উল্লেখ করা হয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এমন এক সময় এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা ঘটেছে যখন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া চালাচ্ছে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর সমন্বয়কারী সংস্থা Joint Chiefs of Staff জানিয়েছে, উত্তর কোরিয়া থেকে প্রায় দশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রগুলো উত্তর কোরিয়ার পশ্চিম উপকূল থেকে উৎক্ষেপণ করা হয়েছে। পরে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করে।
বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় দুপুর ১টা ৩৪ মিনিটে ক্ষেপণাস্ত্রগুলো উত্তর-পূর্ব দিকে নিক্ষেপ করা হয়। জাপানের প্রাথমিক ধারণা অনুযায়ী, এগুলো প্রায় ৮০ কিলোমিটার উচ্চতায় উঠেছিল এবং প্রায় ৩৪০ কিলোমিটার পথ অতিক্রম করে কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলের কাছাকাছি সাগরে গিয়ে পড়ে।
জাপানের তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রগুলো টোকিওর এক্সক্লুসিভ অর্থনৈতিক অঞ্চলের বাইরে গিয়ে পতিত হয়েছে।
তবে এখন পর্যন্ত এই ঘটনার কারণে আশেপাশে থাকা কোনো বিমান বা জাহাজের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।