দীর্ঘ ৪০ বছরের অপেক্ষার অবসান ঘটল। বলিভিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে ইরাক নিশ্চিত করেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের পর প্রথমবারের মতো বিশ্বমঞ্চে জায়গা করে নিল ‘লায়ন্স অফ মেসোপটেমিয়া’রা।
মেক্সিকোর মন্তেরেইতে মঙ্গলবার অনুষ্ঠিত আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনালে দুই দল মুখোমুখি হয়। ম্যাচের শুরুতেই আলী আল-হামাদি শক্তিশালী হেডারে ইরাককে লিড এনে দেন। গোল খেয়ে পিছিয়ে পড়ার পর বলিভিয়া মরিয়া হয়ে ওঠে। প্রথমার্ধের শেষ মুহূর্তে ময়েসেস পানিয়াগুয়া গোল করে সমতা ফিরিয়ে আনেন, ১-১।
বিরতির পর, ৫৩ মিনিটে আয়মেন হুসেইন ক্লিনিক্যাল ফিনিশিংয়ে গোল করে ইরাককে আবারও লিড এনে দেন। ম্যাচের শেষ সময়ে বলিভিয়া আক্রমণ চালালেও ইরাকের রক্ষণাত্মক কৌশল ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে এবং ২-১ ব্যবধান বজায় থাকে।
ম্যাচ শেষে কোচ গ্রাহাম আরনল্ড এবং জয়ী গোলের হিরো মোহনদ আলী বুনো উল্লাসে মাতেন। এই জয়ের মাধ্যমে ইরাক ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে নিশ্চিতভাবে জায়গা করে নিয়েছে। অন্যদিকে, বলিভিয়া মাঠ ছাড়ে বেদনায়।
ইরাকের কোচ গ্রাহাম আরনল্ডের অধীনে এই জয় দেশের ফুটবলের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে চিহ্নিত হবে। ১৯৮৬ সালের পর এই প্রথম বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসরে নামবে ইরাক।
এমনভাবে ইরাকের বিশ্বকাপ নিশ্চিত হওয়ায় ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত ৪৮ দল সম্পূর্ণ হলো।