ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সিরিজে জয় পেলে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে টাইগারদের সামনে। আগামী ১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
বর্তমানে বাংলাদেশ ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের দশম অবস্থানে রয়েছে। তাদের ঠিক ওপরে ৭৭ পয়েন্ট নিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। আর অষ্টম স্থানে থাকা ইংল্যান্ডের সংগ্রহ ৮৮ পয়েন্ট। ফলে পাকিস্তানের বিপক্ষে সিরিজের ফলাফল বাংলাদেশের অবস্থানে বড় প্রভাব ফেলতে পারে।
যদি বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জিততে পারে, তবে তাদের রেটিং পয়েন্ট বেড়ে ৭৯-এ পৌঁছাবে এবং তারা নবম স্থানে উঠে আসবে। আর যদি ৩-০ ব্যবধানে প্রতিপক্ষকে হারাতে পারে, তাহলে পয়েন্ট দাঁড়াবে ৮০—যা তাদের অবস্থান আরও মজবুত করবে।
অন্যদিকে, ২-১ ব্যবধানে সিরিজ হারলে বাংলাদেশের পয়েন্ট দাঁড়াবে ৭৭। সে ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজের সমান পয়েন্ট হলেও ভগ্নাংশের হিসাবে পিছিয়ে থাকায় দশম স্থানেই থাকতে হবে টাইগারদের। আর ৩-০ ব্যবধানে হেরে গেলে পয়েন্ট নেমে আসবে ৭৪-এ। তবে তখনও অবস্থানে পরিবর্তন না-ও আসতে পারে।
পাকিস্তান বর্তমানে ওয়ানডে র্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে রয়েছে। এই সিরিজের ফলাফলে তাদের অবস্থানে পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও রেটিং পয়েন্টে কিছুটা ওঠানামা হতে পারে।
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করতে এই সিরিজ বাংলাদেশের জন্য বেশ তাৎপর্যপূর্ণ। আগামী বছরের অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে আসরটি অনুষ্ঠিত হবে।
নির্ধারিত সময়সীমা অনুযায়ী ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল এবং আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি মূল পর্বে খেলবে। বাকি চারটি স্থান নির্ধারণ হবে বাছাইপর্বের মাধ্যমে। সহ-আয়োজক হলেও আইসিসির পূর্ণ সদস্য না হওয়ায় নামিবিয়া সরাসরি বিশ্বকাপে অংশ নিতে পারবে না।
সিরিজ খেলতে পাকিস্তান দল ৯ মার্চ বাংলাদেশে পৌঁছাবে। ১০ মার্চ অনুশীলনের পর ১১ মার্চ প্রথম ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। বাকি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১৩ ও ১৫ মার্চ।
পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতোমধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। দলে সবচেয়ে বড় চমক সাবেক অধিনায়ক বাবর আজমের অনুপস্থিতি। এছাড়া ফখর জামান ও সাইম আইয়ুবও নেই স্কোয়াডে। দলকে নেতৃত্ব দেবেন শাহিন শাহ আফ্রিদি।
ঘোষিত দলে ছয়জন নতুন ক্রিকেটার জায়গা পেয়েছেন—আব্দুল সামাদ, মাজ সাদাকাত, মুহাম্মদ গাজী ঘোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান ও শামিল হোসেন। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো তাদের চূড়ান্ত দল ঘোষণা করেনি।
পাকিস্তানের বিপক্ষে সিরিজে ওয়ানডে র্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ বাংলাদেশের
